ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দলের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নাহিদ ইসলাম নেতাকর্মীদের ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জুলাই মাসে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আহতদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সভায় আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক।

উক্ত সমন্বয় সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।