চট্টগ্রামে সন্ত্রাসী গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর হামলা, সুড়ঙ্গপথে পলায়ন প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ চট্টগ্রাম নগরীর খুলশীতে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানের সময় আসামির বাসার ভেতর থেকে একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পরিবারের সহযোগিতায় তিনি পালিয়ে যান। পুলিশ জানায়, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার ২ নম্বর আসামি বগা। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় খুলশী থানার ওসির সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়। এই হামলায় খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। অভিযানের সময় ওয়্যারলেস কলোনিতে অবস্থিত বগার নিজ বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায়। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গ পথ দিয়েই বগা আগেভাগেই পালিয়ে যান। এমনকি তিনি মোবাইল ফোনে ভিডিও কলে পুলিশকে হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, শিক্ষককে মারধরের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্টও রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। বর্তমানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও দখলবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: খুলশীগ্রেপ্তার অভিযানচট্টগ্রামপুলিশসন্ত্রাসী