তুরস্কের ব্যাংক ও দুই প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৬। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির অংশ হিসেবে তুরস্কের একটি বিনিয়োগ ব্যাংক এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এই প্রতিষ্ঠানগুলো চীন ও ইরানের মধ্যকার বাণিজ্যে সহায়তা করেছে এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে সহযোগিতা করেছে।

নিষেধাজ্ঞার ফলে এই প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে ওয়াশিংটন এই প্রতিষ্ঠানগুলোকে তাদের লেনদেন গুটিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় ও অনুমতি প্রদান করেছে। এটি ট্রাম্প প্রশাসনের বর্তমান অভিযানে কোনো ন্যাটো সদস্য দেশের ব্যাংকের ওপর আরোপ করা প্রথম নিষেধাজ্ঞা। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, গোল্ডেন গ্লোবাল নামক প্রতিষ্ঠানটি চীন থেকে ইরানের তেল বিক্রির অর্থ তুরস্কে স্থানান্তর এবং পরবর্তীতে তা নগদ অর্থ ও স্বর্ণে রূপান্তরে সহায়তা করছিল।

তবে মার্কিন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে গোল্ডেন গ্লোবাল। ব্যাংকটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সব সময় স্থানীয় ও আন্তর্জাতিক আইন এবং ব্যাংকিং-কমপ্লায়েন্স বিধি মেনে কার্যক্রম পরিচালনা করেছে। তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ব্যাংকটি আরও স্পষ্ট করেছে যে, মার্কিন নিষেধাজ্ঞায় উল্লেখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক ছিল না এবং তাদের সঙ্গে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ লেনদেন হয়নি।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা অন্যান্য প্রতিষ্ঠানও ভবিষ্যতে একই ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। এদিকে, কিছু বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের ওপর চাপ কিছুটা বৃদ্ধি করলেও যুদ্ধের গতিপথ পরিবর্তনের মতো বড় কোনো প্রভাব ফেলার সম্ভাবনা কম। বরং অতিরিক্ত এই চাপ ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।