সাভারের আমিনবাজারে পিটিয়ে হত্যা করা হলো পুলিশের এসআইকে প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ সাভারের আমিনবাজারে দুর্বৃত্তদের পিটুনিতে পুলিশের এক সাব-ইন্সপেক্টর নিহত হয়েছেন। গত শনিবার রাতে আমিনবাজারের বড়দেশি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন (৫৮) ঢাকার মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সপরিবারে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় তিনি মিনি গার্মেন্টস পরিচালনা করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১১টার দিকে কারখানা থেকে ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। পথে তিনি দেখেন যে, একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক একজন বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করছে। তিনি এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করলে যুবকরা তার ওপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে দৌড়ে নিজের কারখানার ভেতরে আশ্রয় নেন। পরবর্তীতে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানার ভেতরে ঢুকে মেশিন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে আরিফুলকে পিটিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, আমিনবাজার এলাকাটি অতীতে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ২০০৭ সালের ৩ মার্চ এই এলাকাতেই সন্ত্রাসীদের গুলিতে র্যাব-১১-এর ডিএডি হুমায়ুন কবির এবং কনস্টেবল ফুল মিয়া নিহত হয়েছিলেন। এছাড়া মতিউর রহমান নামে পুলিশের আরও এক সাব-ইন্সপেক্টরকে অতীতে আমিনবাজারে হত্যা করা হয়েছিল। SHARES অন্যান্য বিষয়: অপরাধআমিনবাজারআলতাফ হোসেনপুলিশ হত্যাসাভার