ইরান-আমেরিকা সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত নিরসনে সহায়তার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে তুরস্ক। এ অঞ্চলে চলমান সংকট মোকাবিলায় তুরস্ক একটি শান্তিপূর্ণ কূটনৈতিক পথ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এ কথা জানান।

ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ঘটনাবলি নিয়ে দুই নেতা আলোচনা করেন। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, এ অঞ্চলে যে দেশগুলোকে তুরস্ক ‘ভাই’ হিসেবে গণ্য করে, তাদের ওপর কোনো ধরনের হামলা তারা কখনোই মেনে নেবে না।

সংঘাত শুরুর পর থেকেই আঙ্কারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপের সমর্থক হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তুরস্ক উভয় পক্ষ এবং আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলছে। এর আগে গত মে মাসে যুদ্ধ বন্ধের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, সৌদি আরব, জর্ডান, বাহরাইন ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিকনফারেন্স করেন এরদোয়ান। সে সময় তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছিলেন এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যেকোনো চুক্তি বাস্তবায়নে তুরস্কের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা বলেছিলেন।

পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন এরদোয়ান। ওই আলোচনায় তিনি নিশ্চিত করেন যে, এ যুদ্ধ যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, তা নিশ্চিত করতে তুরস্ক সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩১