ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এই রায়ের ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির কোনো সুযোগ থাকছে না। মামলার বিবরণে জানা যায়, রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এই রিট আবেদনটি করেছিলেন। তিনি নিজেকে একজন পর্দানশীন মুসলিম নারী হিসেবে দাবি করে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে এনআইডি পাওয়ার আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেছিলেন যে, ইসলামী শরিয়ত অনুযায়ী পর্দা করার কারণে তিনি ছবি তোলেন না, যার ফলে জাতীয় পরিচয়পত্র না থাকায় তিনি বিভিন্ন নাগরিক ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্বাচন কমিশন তার আবেদন নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানির পর ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিলেন, ছবি ছাড়া বিকল্প পরিচয় তথা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরির পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না। দীর্ঘ শুনানিতে রাষ্ট্রপক্ষ এই রুলের তীব্র বিরোধিতা করে আদালতকে জানায়, ছবি ছাড়া এনআইডি প্রদান সংবিধান পরিপন্থী। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে, বিভিন্ন নাগরিক সেবা, হজ পালন কিংবা ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ কাজে ছবির প্রয়োজন অপরিহার্য। এমনকি ছবি ছাড়া পরিচয় নিশ্চিত করা না গেলে অন্য কেউ অর্থ উত্তোলন করলে তার দায়ভার কে নেবে—এমন প্রশ্নও তোলা হয়। এছাড়া রাষ্ট্রপক্ষ আরও জানায়, শুধু বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় নিশ্চিত করতে গেলে চোখের আইরিশ স্ক্যান করার প্রয়োজন হতে পারে, যেখানে পর্দা তুলে পরিচয় শনাক্ত করার বাধ্যবাধকতা তৈরি হতে পারে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন, ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না। SHARES অন্যান্য বিষয়: এনআইডিজাতীয় পরিচয়পত্রনির্বাচন কমিশনবায়োমেট্রিকহাইকোর্ট