সান্তোসে খেলোয়াড়, মধ্যস্থতাকারী ও অর্থদাতা—সব ভূমিকাতেই নেইমার প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের দলবদলের পরিকল্পনায় এখন একটি নামই সবচেয়ে প্রভাবশালী—নেইমার। তবে সান্তোসে তার ভূমিকা কেবল একজন সাধারণ খেলোয়াড় হিসেবেই সীমাবদ্ধ নেই। ক্লাবটির দলবদলে মধ্যস্থতাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষক হিসেবেও বড় অবদান রাখছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সান্তোসের ওপর থাকা ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিতে বড় ভূমিকা রেখেছেন নেইমার। ক্লাবটির হয়ে মোনাকো থেকে মিডফিল্ডার জ্যাঁ লুকাসকে দলে নেওয়ার সময় ২০ লাখ ইউরো বকেয়া ছিল, যা ব্রাজিলিয়ান মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ রিয়াল। এই বকেয়া পরিশোধ না করায় গত আগস্টের শেষ দিকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ে সান্তোস। সেই সংকটে এগিয়ে আসে নেইমারের পরিবারের মালিকানাধীন স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘এনআর স্পোর্টস’। তারা বকেয়া ২০ লাখ ইউরো পরিশোধ করে সান্তোসকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত করে। বিনিময়ে সান্তোসের জার্সিতে বিজ্ঞাপনের জায়গা পায় প্রতিষ্ঠানটি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দ্রুত খেলোয়াড় দলে ভেড়াতে শুরু করে সান্তোস। ক্লাবটি একে একে রোদিনেই, লিমা, আর্থার ও এভারতন সেবোলিনিয়াকে দলে নেওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে গাবিগোলও তাদের সঙ্গে যোগ দেন। চলতি সপ্তাহে ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে চুক্তিবদ্ধ হয়েছেন ফিলিপে কুতিনিয়ো। এর মাধ্যমে শৈশবের বন্ধু নেইমারের সঙ্গে আবারও একই ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ‘লেকিপ’-এর দাবি অনুযায়ী, সান্তোসের প্রায় প্রতিটি চুক্তির পেছনেই ছিল নেইমারের ব্যক্তিগত প্রচেষ্টা ও ফোনকল। বিশেষ করে কুতিনিয়োকে সান্তোসে আসতে রাজি করাতে নেইমারকে বেশ ধৈর্য ধরতে হয়েছে। এছাড়া আর্থার ও এভারতন সেবোলিনিয়াকে রাজি করানোর পেছনেও রয়েছে তার ব্যক্তিগত ভূমিকা। বর্তমানে উরুর চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের লক্ষ্য অনেক বড়। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসকে নিয়ে তিনি স্বপ্ন দেখছেন কোপা সুদামেরিকানার শিরোপা জেতার। শৈশবের ক্লাবে নিজের প্রত্যাবর্তনকে রাঙাতে এই ট্রফিই এখন তার সবচেয়ে বড় চাওয়া। SHARES খেলাধুলা বিষয়: নেইমারফিফা নিষেধাজ্ঞাফিলিপে কুতিনিয়োফুটবল দলবদলসান্তোস