রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বা বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, এমপি।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে রবিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, এইচ, এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ছাদেক আহমদ এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মির্জা গোলাম সাবুরু। আলেম-ওলামাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রভাষক মো. জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।