আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ উৎপাদনে ফিরতে আরও কিছুটা সময় প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। ওই রাতে দেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। পরবর্তী শুক্রবার বিদ্যুতের চাহিদা কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, গতকাল মধ্যরাতে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছেছিল।

উল্লেখ্য, ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে পিডিবি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর করে। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এবং চাহিদা অনুযায়ী দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের নজিরও রয়েছে এই কেন্দ্রের।