আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। আদেশের পর আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল সাংবাদিকদের জানান, আদালতে তারা যুক্তি তুলে ধরেছিলেন যে, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের কেউ নন। তাই এই ধরনের রিট করার কোনো আইনগত অধিকার তার নেই। উল্লেখ্য, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এর মধ্যে যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল এবং সভা-সমাবেশ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রিট আবেদনে ১২ মে জারি করা এই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছিল। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিতের আবেদনও করা হয়েছিল। SHARES অন্যান্য বিষয়: আওয়ামী লীগপ্রজ্ঞাপনরিটস্বরাষ্ট্র মন্ত্রণালয়হাইকোর্ট