ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুলসহ পাঁচজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে আসাদুল আহত হন। এই ঘটনায় বিএসএফের হাতে আরও দুজন আটক হয়েছেন এবং একজন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে আটক ও নিখোঁজ ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া যায়নি। গুলিবিদ্ধ আসাদুলকে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার বিকেলে ওই হাসপাতালেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে এ ঘটনায় ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হাকিম শনিবার রাতে বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন। SHARES অন্যান্য বিষয়: ঠাকুরগাঁওপীরগঞ্জবাংলাদেশি নিহতবিএসএফসীমান্ত হত্যা