ইরানের উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার অভিযোগ, নিহত ১

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

দক্ষিণ ইরানের কেশম দ্বীপের কাছে উপসাগরীয় এলাকায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে। এই হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা)। হামলাটি হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের মধ্যবর্তী এলাকায় সংঘটিত হয়েছে।

কেশমের গভর্নর আমির তাইমুরি এই ঘটনাকে সরাসরি ‘মার্কিন সন্ত্রাসী’ হামলা হিসেবে অভিহিত করেছেন। তবে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম বা ঠিক কী ধরনের অস্ত্রের মাধ্যমে এই আঘাত করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

একই দিনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজে অজ্ঞাত অস্ত্রের আঘাতের তথ্য নিশ্চিত করেছে। যদিও ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের হামলা বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করে।