দিল্লিতে নারীদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি সমর্থকরা

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ভারতের উত্তর-পূর্ব দিল্লির লালবাগ এলাকায় নারীদের জন্য বিনামূল্যে পরিচালিত একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রকে ‘মাদ্রাসা’ আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপি সমর্থক একদল মানুষ। গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর কয়েক দফায় কেন্দ্রটির সামনে জড়ো হয়ে শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন ও হুমকি দেয় বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে।

‘ফারহা মেমোরিয়াল স্কিল সেন্টার’ নামের ওই প্রতিষ্ঠানে নারীদের সেলাই, কম্পিউটার, মেহেদি, ক্যালিগ্রাফি, নার্সিং ও স্পোকেন ইংলিশের মতো বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ দানিশের দাবি, এটি কোনোভাবেই মাদ্রাসা নয় এবং এখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে প্রশিক্ষণকেন্দ্রটিতে তিনজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে পরিচালকের কাছে প্রতিষ্ঠানের নিবন্ধন, অনুমতিপত্র এবং অন্যান্য নথিপত্র তলব করেন। শিক্ষার্থীদের সামনেই এই জিজ্ঞাসাবাদ চালানো হয়। এর আগের দিন ৯ সেপ্টেম্বর প্রায় একশ মানুষ কেন্দ্রটির সামনে জড়ো হয়ে সেটি বন্ধের হুমকি দেয়। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, স্থানীয় বিজেপি কাউন্সিলর সুনিতা সোমের আত্মীয় হিসেবে পরিচিত রাজেশ সোম এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন।

১০ সেপ্টেম্বর বিকেলেও অনুরূপ বিক্ষোভের সময় দানিশ লালবাগ পুলিশ চৌকিতে সহায়তা চেয়ে ফোন করেন। তিনি অভিযোগ করেন যে, সেই সময় অপর প্রান্ত থেকে তার কথা শুনে দ্রুত ফোন কেটে দেওয়া হয়। দানিশ পরবর্তীতে ১১ সেপ্টেম্বর পুলিশ চৌকিতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অনলাইনে জনসুনভাই পোর্টালেও অভিযোগ জমা দেন। তার অভিযোগে রাজেশ সোমের নাম উল্লেখ করা হয়েছে।

দানিশ জানান, তিনি রাজেশ সোমকে ফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রটিতে এসে এখানকার পাঠ্যক্রম ও শিক্ষকদের পরিচয় দেখে যাওয়ার জন্য, তবে সোম তাতে আগ্রহ দেখাননি। ১২ সেপ্টেম্বর আবারো কেন্দ্রটির বাইরে একটি বড় দল জড়ো হয়, যাদের সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাপারসনও ছিলেন। পুলিশের সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রটির বিরুদ্ধে ‘মাদ্রাসার আড়ালে’ কার্যক্রম চালানোর অভিযোগটি তারা যাচাই করছেন। দানিশের ভাষ্যমতে, তাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেওয়া হলেও কেন্দ্রের নারী শিক্ষার্থীদের একা রেখে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৬