নড়াইলে বাস শ্রমিক সেজে ইয়াবা পাচার, ৮ হাজার পিসসহ আটক ২

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে একটি দল যশোরগামী 'নড়াইল এক্সপ্রেস' (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের দরজা সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী মোঃ ইয়াকুব সরদারের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোঃ ইয়াকুব সরদার (৪১) নড়াইল সদর থানার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে। তার সঙ্গে আটক অপরজন হলেন কাঞ্চনপুর গ্রামের আফসু মোল্যার ছেলে মোঃ সুজন মোল্যা (৩৩)।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা গোলক মজুমদার জানান, একটি কাগজের কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এছাড়া অভিযানে একটি Walton অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পেশায় বাস শ্রমিক এবং দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিল। আটককৃতদের নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত