জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মাহদী আমিন জানান, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন খাতের সরকারের রূপরেখা তুলে ধরেছেন। সেই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সদস্যদের দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত বৈঠকে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে বলে জানান মাহদী আমিন। SHARES জাতীয় বিষয়: জাতিসংঘতারেক-রহমানবিশ্বশান্তিমানবাধিকারমাহদী আমিন