অপ্রতিমের পরিবারকে হুমকি ও সাইবার বুলিং, থানায় জিডি প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ কুমিল্লায় নিহত কিশোর অপ্রতিমের পরিবারকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি, অশোভন আচরণ এবং সাইবার বুলিং করার অভিযোগ উঠেছে। অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম লাগাতার বেনামি ফোন কল ও অনলাইন অপপ্রচারের কারণে গভীর মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতির শিকার হয়ে তিনি নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, বিভিন্ন ফেক ফেসবুক আইডি খুলে অপ্রতিম এবং আমাদের পুরো পরিবারকে নিয়ে কাল্পনিক ও অশালীন অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত মোবাইল নম্বরে দিন-রাত ফোন করে কুরুচিপূর্ণ কথা বলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ বলেন, সাইবার বুলিং ও অচেনা নম্বর থেকে ফোন করে পরিবারটিকে ডিস্টার্ব করা ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৪ SHARES জাতীয় বিষয়: অপ্রতিমকুমিল্লাজিডিসাইবার বুলিংহুমকি