শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উলটে পড়েছে। বুধবার রাতের এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিবারের সদস্য শফিকুল ইসলাম জানান, তিনি তার শ্বশুরসহ ১০ থেকে ১২ জনের একটি দল গরু কেনার জন্য সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। ফেরার পথে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আয়েস উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, তারা একজনকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছেন এবং অন্য একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।