গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ছাদে আটকা পড়া ৭০ জনকে উদ্ধার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

গাজীপুরের ডেগেরচালা এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস নামক একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভোগড়া, জয়দেবপুর ও আশপাশের ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর পাশাপাশি দমকল কর্মীরা সাত তলা ভবনের ছাদে আটকা পড়া প্রায় ৭০ জনকে তাদের বিশেষ টিটিএল (টার্নটেবল ল্যাডার) ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

উদ্ধার হওয়া শ্রমিকসহ ছাদে আটকা পড়া ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।