সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মুদি দোকানি আবু তাহের (৫০) এবং অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০), যার বাড়ি ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। আবু তাহের কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবু তাহের দোহাজারী থেকে বাজার শেষ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব কাটগড় রেলগেট এলাকা পার হওয়ার সময় অসাবধানতাবশত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের প্রাণ হারান। অটোরিকশাচালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।