টঙ্গীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

টঙ্গীর সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি গার্মেন্টস সংলগ্ন একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল চারটার দিকে জনৈক শাহিনের মালিকানাধীন ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের সময় পার্শ্ববর্তী উইন্ডি গার্মেন্টসের নিজস্ব দমকল কর্মীরা প্রতিষ্ঠানের ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সাথে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, গোডাউনে রাসায়নিক ও দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, আবাসিক এলাকায় পেশীশক্তি ব্যবহার করে অবৈধভাবে এসব গুদাম গড়ে তোলা হয়েছে, যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তারা অবিলম্বে এলাকা থেকে এসব গোডাউন অপসারণের জোর দাবি জানিয়েছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত