রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং শহরের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এই টাওয়ারটিতে হামলার ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, হুতিদের এই হামলায় টাওয়ারটি ছাড়াও আশপাশের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পরপরই রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করেছে তাদের বাহিনী। এছাড়া ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও ধ্বংস করেছে জোট বাহিনী। বৃহস্পতিবার সারাদিনে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। ইয়েমেনের সরকারি বাহিনীর তথ্যমতে, বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।

ইরান সমর্থিত হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবন এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার দাবি করেছিল তারা। অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছিল।