ইরানে নতুন সামরিক অভিযানের চূড়ান্ত ছক কষছেন নেতানিয়াহু প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অনিবার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে তিনি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করেছেন। মূলত তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন একটি সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি। ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি বৈঠকে নেতানিয়াহু নতুন করে ইরানে সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য এই হামলার পরিকল্পনা নিয়ে একমত হয়েছেন এবং তা অনুমোদনও করেছেন। এখন কেবল অভিযান শুরুর সময় নির্ধারণের অপেক্ষা। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই তিনি যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু নতুন অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে তাড়াহুড়ো করতে চান না। অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না এবং বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে যায় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি। তার ভাষায়, 'আমাদের হাতে সময় আছে।' অন্যদিকে বিভিন্ন খবরে প্রকাশ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন নেতানিয়াহু। দ্য নিউ ইয়র্ক টাইমস চলতি সপ্তাহে জানিয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেক দফা হামলার বিষয়টি বিবেচনা করছেন এবং একই সঙ্গে ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়নও খতিয়ে দেখছেন। ইসরাইলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কিছু অংশ পুনর্গঠন করেছে। এছাড়া তাদের রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতির আশঙ্কাও রয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানইসরাইলবেনিয়ামিন নেতানিয়াহুযুক্তরাষ্ট্রসামরিক অভিযান