আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এই পুনর্মিলন প্রক্রিয়া শুরু করার আগে এর মৌলিক ভিত্তি কী হবে, তা নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন এবং তারা এ দেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া কোনো খারাপ ধারণা নয়, বরং এমন উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হতো।

জাহেদ উর রহমান বলেন, যদি মধ্যস্থতাকারী কেউ এই পুনর্মিলন চান এবং এটিকে ভালো উদ্যোগ মনে করেন, তবে তারও এটি ভালো মনে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের উচিত হবে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি আগে নিশ্চিত করতে হবে। সেটি করা গেলে এ নিয়ে আলোচনা হতে পারে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শুধু আলোচনার মাধ্যমে পুনর্মিলন শুরু করলেই চলবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ যদি সেই জায়গায় এগিয়ে আসে, তবেই পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব হবে।

এই উদ্যোগকে সফল করতে হলে আওয়ামী লীগকেই প্রথমে পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে এবং দলটিকে অবশ্যই নিজেদের দায় স্বীকার করতে হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত