রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর অভিযোগ প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল লোক প্রবেশ করে এই পরিস্থিতি সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে হামলাকারীরা মিছিল নিয়ে জোরপূর্বক ভিসির কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা উপাচার্য ও সেকশন অফিসারকে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে আখ্যায়িত করে এবং বিশ্ববিদ্যালয়ের কাজ স্থানীয় ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার পরপরই তাদের কক্ষ থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার সময় হামলাকারীরা উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের যন্ত্রপাতি খুলে নিয়ে যায়। একই সঙ্গে পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেকশন অফিসার ও ভিসির পিএস নাজমুল হোসাইন জানান, সকাল ১০টা থেকে উপাচার্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। বেলা ১১টার দিকে মিছিল নিয়ে একদল লোক কক্ষে ঢুকে উপাচার্যকে গালিগালাজ করে এবং পদত্যাগপত্রে স্বাক্ষর নিতে বাধ্য করে। তিনি আরও জানান, তাকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপাচার্যকে অবরুদ্ধ করার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন। তিনি বলেন, সেখানে সে সময় কাউকে পাওয়া যায়নি এবং এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। SHARES অন্যান্য বিষয়: অপরাধউপাচার্যপদত্যাগরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়রামেবি