অবসরে বাইরে ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চাইলেন স্ত্রী

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

অবসরে স্বামীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা কার না থাকে! কিন্তু স্বামী যদি অলসতা বা অন্য কোনো কারণে বাইরে যেতে অনীহা প্রকাশ করেন, তবে কি সংসার ভেঙে দেওয়া যায়? এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। অবসরে স্বামী বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে আদালতের দ্বারস্থ হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এক নারী।

গালফ নিউজের এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনাটি সবার সামনে তুলে ধরেন।

ড. রাধিয়া জানান, ওই নারী তাদের পারিবারিক পরামর্শ বিভাগে এসে অভিযোগ করেন যে, তার স্বামী বেশিরভাগ সময় ঘরে থাকতেই পছন্দ করেন। অবসর সময়ে তাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণের ব্যাপারে স্বামীর কোনো আগ্রহ নেই। এ কারণে তিনি আর এই সংসার টিকিয়ে রাখতে চান না।

তবে এমন অদ্ভুত অভিযোগ শুনে পারিবারিক পরামর্শ বিভাগের কর্মকর্তারা ওই নারীকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তারা তাকে বোঝানোর চেষ্টা করেন যে, শুধু এই ধরনের ছোটখাটো কারণে বিবাহবিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কর্মকর্তারা তাকে বিকল্প পরামর্শ দিয়ে বলেন, তিনি যদি অবসরে ঘুরতে যেতেই চান, তবে প্রয়োজনে তার ভাই-বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের সাথে সময় কাটাতে পারেন।

ড. আল রাইসি দাম্পত্য জীবন নিয়ে তার মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, বৈবাহিক জীবনে স্বামী ও স্ত্রীর পছন্দ-অপছন্দ কিংবা জীবনযাপনের ধরনে কিছুটা অমিল থাকা খুবই স্বাভাবিক। তবে প্রতিটি মতপার্থক্যের চূড়ান্ত পরিণতি কখনোই বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, যদি বড় ধরনের কোনো সংকট বা নির্যাতনের ঘটনা না থাকে, তবে ছোটখাটো অমিলগুলোকে আইনি বিরোধে রূপ না দিয়ে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার মাধ্যমে সংসার টিকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত