মোহাম্মদপুরে রাজু হত্যা: সাবেক এমপি মোশতাকসহ ২ জন ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের (যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ) সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোর যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ কয়েকজন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়। একই দিন মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কবির হোসেনকে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকার ওরিয়েন্টাল কোভান অ্যাপার্টমেন্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি চালানো হয়। ওই সময় জননী কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে বের হয়ে মিছিল দেখছিলেন ২৪ বছর বয়সী কর্মী রাজু আহমেদ। হঠাৎ তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিকেল সাড়ে ৪টার দিকে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার শাহাদাত হোসেন খবর পান যে রাজু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর, গত ২৭ আগস্ট রাজুর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।