বৈভব সূর্যবংশীকে নিয়ে সতর্কবার্তা দিলেন কিংবদন্তি কপিল দেব প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬ মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। তার প্রতিভা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই তরুণ ক্রিকেটারকে নিয়ে এখনই খুব বেশি হইচই করার পক্ষে নন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বরং বিষয়টি নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। কপিল দেব তার মতামতের স্বপক্ষে বিনোদ কাম্বলির উদাহরণ টেনে এনেছেন। তার মতে, অল্প বয়সে প্রতিভা দেখালেও দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, “এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। ওর কি সেই ক্ষমতা আছে? আমরা দেখেছি, অনেক ক্রিকেটার প্রতিভা নিয়ে এসেছে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গিয়েছে।” কপিল আরও বলেন, “বিনোদ কাম্বলিকে দেখুন। ওরও প্রতিভা ছিল। কিন্তু হারিয়ে গেল। ওকে নিয়ে আপনি কী বলবেন?” উল্লেখ্য, কাম্বলি যখন ভারতীয় দলে অভিষেক করেছিলেন, তখন তাকে অনেকের কাছে সচিন তেন্ডুলকরের চেয়েও বেশি প্রতিভাবান মনে হয়েছিল। কিন্তু শৃঙ্খলাজনিত কারণে তিনি হারিয়ে যান। কপিলের বিশ্বাস, আগামী কয়েক বছরই নির্ধারণ করবে বৈভবের ক্যারিয়ার কোন দিকে মোড় নেবে। তিনি বলেন, “বৈভবের এখন ১৫ বছর বয়স। ওকে আরও তিন বছর খেলতে দিন। তার পর কথা বলব।” যতদিন না কেউ লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন, ততদিন তাকে তারকা হিসেবে গণ্য করতে রাজি নন কপিল দেব। SHARES খেলাধুলা বিষয়: কপিল দেবক্রিকেটবিনোদ কাম্বলিবৈভব সূর্যবংশীভারতীয়-ক্রিকেট