জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সাংবিধানিকভাবে সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিতের দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য প্রণীত অধ্যাদেশটি আইনে পরিণত করা হয়েছে এবং এর বৈধতা রয়েছে। তবে সরকার এই সুরক্ষাকে আরও সুনির্দিষ্টভাবে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে তাদের দায়মুক্তি ও সুরক্ষার বিষয়টি সাংবিধানিকভাবে স্থায়ী রূপ পায়। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি উঠেছে। সরকার এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং সংশ্লিষ্ট আদালতে চলমান মামলাগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সরকার সচেষ্ট রয়েছে। SHARES জাতীয় বিষয়: গণঅভ্যুত্থানজুলাই যোদ্ধাদায়মুক্তিবিচার প্রক্রিয়াসাংবিধানিক সুরক্ষাসালাহউদ্দিন আহমদ