আনোয়ারায় ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর ও শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

আনোয়ারায় ভুল চিকিৎসার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে (পিএলসি) স্থানীয়রা বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে এলাকা ত্যাগ করেছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে (পিএলসি) এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. রবিউল হাছান জুনায়েদ (৮)। সে সাতকানিয়ার শীলকাঠার মো. আরাফাতের ছেলে এবং গত পাঁচ বছর ধরে আনোয়ারার বরুমছড়া ইউনিয়নে তার নানার বাড়িতে থাকছিল। স্বজনদের ভাষ্যমতে, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশে প্রাইভেট কারের ধাক্কায় জুনায়েদ আহত হলে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তিনদিন পর ড্রেসিং করানোর জন্য আসতে বলেন।

শিশুর মামা মো. সাইফুল রহমানের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরপরই জুনায়েদ অস্বাভাবিকভাবে বমি করতে শুরু করে। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। পরিবারের সদস্যদের সন্দেহ, হাসপাতালের দেওয়া ওষুধের কারণেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে শিশু জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাসপাতালটিতে হামলা চালান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।