পটিয়ায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল সাত বছরের শিশুর

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাসফিয়া নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার সুন্দর পাড়া গ্রামের আবু হানিফের মেয়ে। আবু হানিফ পেশায় একজন মুদি দোকানি এবং কর্মসুত্রে সপরিবারে জঙ্গলখাইন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির একটি লেগুনা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। জঙ্গলখাইন ইউনিয়নের গ্রাম পুলিশ সৈয়দ নবী জানান, ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে দ্রুত নিয়ে আসা হয়েছিল, তবে পথেই তার প্রাণহানি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু জানান, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মাথা, মুখ ও হাতে আঘাতের গুরুতর চিহ্ন ছিল। হাসপাতালের জরুরি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক লেগুনা ও এর চালক সাইদুল ইসলামকে (২৮) আটক করেছে। পটিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে অভিযুক্ত চালককে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।