চুয়েট উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, না মানলে অবরুদ্ধের ঘোষণা

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অস্থিরতার জেরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার ১২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন-২ এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দেন, পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হবে। এর আগে সোমবার সকালে তালা ভেঙে উপাচার্য ভবনে প্রবেশ করেন তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, নিজের অবস্থান অটুট রাখতে উপাচার্য মদুনাঘাট ও বহদ্দারহাট টার্মিনালে সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা করিয়েছেন। এছাড়া বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে ক্যাম্পাসে প্রবেশের অভিযোগ তুলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী ও শিক্ষার্থীদের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, দুপুর ১২টার মধ্যে উপাচার্য ও তার সহযোগীদের ভবন ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই আল্টিমেটাম উপেক্ষা করায় শিক্ষার্থীরা উপাচার্য ভবন তালাবদ্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা স্পষ্ট করেন যে, তারা কোনো সংঘাত বা মানবাধিকার লঙ্ঘন করতে চান না। তবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা জানান, অধ্যাপক শেখ শরীফুল আলম নিজ হাতে পদত্যাগপত্র জমা দিলে বা প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দিলে তাৎক্ষণিকভাবে তালা খুলে দেওয়া হবে এবং তাকে নিরাপদে ক্যাম্পাস ত্যাগের সুযোগ দেওয়া হবে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে উদ্ভূত পরিস্থিতির দায় উপাচার্যকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। সোমবারের ঘটনা বিশ্ববিদ্যালয়টিতে চলমান অচলাবস্থাকে আরও জটিল করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা তাদের এই সিদ্ধান্তে অটল রয়েছেন।