অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে এইচএসসির ফল প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২০২৬ সালের ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মতির পর। মন্ত্রণালয় সম্মতি দিলে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা সময়মতো নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়। এর আগে পরিকল্পনা অনুযায়ী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা ছিল। এ বছর সারাদেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থীদের জন্য দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ছিল সবচেয়ে বেশি, যেখানে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। অন্যান্য বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ছিল। তাঁদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল। তালিকায় আরও রয়েছে ময়মনসিংহ বোর্ড ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ড ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। SHARES শিক্ষা বিষয়: এইচএসসি পরীক্ষাফল প্রকাশবাংলাদেশ শিক্ষা বোর্ডশিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়