আনোয়ারায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় কঠোর নজরদারি

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

আশ্বিনের নীল আকাশ আর কাশবনের দোলায় প্রকৃতিতে এখন দেবী দুর্গার আগমনের সুর। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে সাজ সাজ রব পড়ে গেছে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে ছয় দিনব্যাপী এই উৎসব শুরু হবে। তিথি অনুযায়ী এ বছর সপ্তমী দুদিন অর্থাৎ শনি ও রোববার হওয়ায় উৎসবের পরিধি পাঁচ দিন থেকে বেড়ে ছয় দিনে দাঁড়িয়েছে। এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে। অশুভ শক্তি বিনাশ করে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবেন মা—এই প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও ভক্তরা। আশ্বিনের শারদ প্রভাতে নীল আকাশে সাদা মেঘের ভেলা। দেবী দুর্গার আগমনীর অপেক্ষায় আর মাত্র কয়েকটা দিন। সবমিলিয়ে এখন উৎসবের আবহ আনোয়ারাজুড়ে। অশুভ শক্তিকে বিনাশ করে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে মা আবার কৈলাসে ফিরে যাবেন— এমনটিই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের।

আনোয়ারার ১১২টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। মৃৎশিল্পীরা মাটির অবয়বে রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবীর রূপ। দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রতিমা তৈরির পারিশ্রমিক হিসেবে শিল্পীরা ৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন এবং একজন কারিগর গড়ে পাঁচ থেকে ছয়টি মণ্ডপের প্রতিমা তৈরির দায়িত্ব পালন করছেন। ভাস্করশালায় প্রতিমার রূপ দেখতে ভিড় করছেন উৎসুক পূজার্থীরাও। শারদীয়ার আগমনী হাওয়ায় ব্যস্ত মৃৎশিল্পীরা।

নিরাপত্তার বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী জানিয়েছেন, থানার আওতাধীন মোট ৩০১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে ১১৩টি স্থায়ী মন্দিরের পাশাপাশি ১৮৮টি ঘটপূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে মোট ছয়টি টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ এবং অধিক পূজামণ্ডপ অধ্যুষিত এলাকায় অতিরিক্ত টহল ব্যবস্থা ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোতে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। এদিকে আনোয়ারায় উৎসব নির্বিঘ্ন করতে পূজামণ্ডপগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার কথা জানিয়েছেন প্রশাসন। জানতে চাইলে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন,আনোয়ারা থানার আওতাধীন ৩০১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়োজক কমিটি ও স্থানীয় নেতারা এবারের উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দুর্গোৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাহুল ধর জানিয়েছেন, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে, তা বজায় থাকলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন সম্ভব হবে বলে তারা আশাবাদী।