বাকলিয়ায় যুবককে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চুরির অপবাদে ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে প্রাণনাশের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ইমন বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মামলা দায়ের হওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত এই চার আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) এবং মো. মিজানুর রহমান (২৭)।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। মিজানুর রহমান এ সময় স্থানীয় নিরাপত্তাকর্মী ও সহযোগীদের খবর দেন। এরপর অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে ইমনকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তাকে স্থানীয় সাজেদা ফাউন্ডেশনের পাশের খালি মাঠে নিয়ে গিয়ে আবারও শারীরিক নির্যাতন চালানো হয়।

মারধরের এক পর্যায়ে গুরুতর আহত ইমন অজ্ঞান হয়ে পড়লে তাকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে ফেলে রাখা হয়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের ফুফু রেহানা বেগম এবং তার ছেলে মো. সবুজ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ইমনের ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এজাহারে বর্ণিত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।