দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

শারদীয় দুর্গাপূজার আয়োজনে অংশ নিতে আগামী মঙ্গলবার, ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমও বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছাবেন। সন্ধ্যা ৬টায় তিনি নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হবেন। সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ধরবেন।

চট্টগ্রাম সফরের আগে ওইদিনই প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফর করবেন। মঙ্গলবারের কর্মসূচিতে তার শুরুতে রয়েছে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন। এরপর দুপুরের দিকে তিনি রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজা পরিদর্শনে যাবেন। রাজশাহী অবস্থানের সময় বিকেলে সেখানে একটি জনসভায়ও তার অংশ নেওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচি শেষ করে তিনি সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।