জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক ব্যবসার অভিযোগে আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে অবস্থিত পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম এবং কনস্টেবল আশিকুর রহমান আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মের এক কোণে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মো. আনিছ (১৮) ও শিমলা আক্তার (২২) নামে দুজনকে আটক করে। আনিছ ময়মনসিংহের গফরগাঁওয়ের হারেছ মিয়ার ছেলে এবং শিমলা আক্তার গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা–বাগান বাঁশতলা এলাকার বাসিন্দা।

আটকের খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি কিশোর বয়সী দল ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীরা আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ফাঁড়িতে ঢোকার চেষ্টা চালায়। পুলিশ দরজা বন্ধ করে দিলে তারা দরজায় আঘাত করতে থাকে। বাধা দেওয়ার সময় হামলাকারীদের রামদার আঘাতে এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে অন্য পুলিশ সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, হামলাকারীরা ফাঁড়িতে ঢোকার চেষ্টা করেছিল। এ ঘটনায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন। এছাড়া জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জংশনে মাদক ও মাদক কারবারিদের উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।