মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটির কর্তৃপক্ষ ১০ হাজার বাংলাদেশী কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের পাশাপাশি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে তালিকাভুক্ত এই এজেন্সিসমূহের মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল (BOESL), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা এখন অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই তাদের যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কোনো নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না, যাতে কর্মীরা কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই নির্বিঘ্নে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান। এই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের ইতিবাচক মনোভাব ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার, রিক্রুটিং এজেন্সি এবং কর্মী—সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সুযোগকে সফল করে তুলতে হবে। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: নিয়োগ প্রক্রিয়াপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়বাংলাদেশী কর্মীমালয়েশিয়ারিক্রুটিং এজেন্সি