রেল দপ্তরে বদলি ঠেকাতে শ্রমিক দল নেতাদের বিরুদ্ধে চাপ প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ চট্টগ্রামের পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) দপ্তরে প্রশাসনিক বদলি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর দপ্তরটি থেকে ৮ জন কর্মচারীকে বদলির নির্দেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই তালিকায় থাকা দুই কর্মচারীর বদলি স্থগিত করতে রেল শ্রমিক দলের নেতারা দপ্তরে গিয়ে সরাসরি চাপ প্রয়োগ করেছেন। জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দপ্তর থেকে ৮ জনকে বদলি করা হয়। সূত্র জানায়, সিটিসি-৩ শাখার প্রধান সহকারী সাজিয়া আইরিন সুলতানার বদলি ঠেকাতে কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম.আর মঞ্জু ও চট্টগ্রাম জেলার সমন্বয়ক জিয়াউর রহমান দলবল নিয়ে দপ্তরে হাজির হন। একই তালিকায় থাকা সিটিসি-১ শাখার প্রধান সহকারী আয়েশা আক্তার সিদ্দিকার বদলি বাতিলের জন্যও নেতারা তদ্বির করেছেন। উল্লেখ্য, আয়েশা আক্তারকে ২০২৩ সালের ১৩ জুলাই অফিস সম্পত্তি অপসারণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দাপ্তরিক প্রয়োজনে বদলি করা হলেও শ্রমিক দলের নেতারা অনৈতিকভাবে তা বাতিলের জন্য চাপ দিচ্ছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন রেল শ্রমিক দলের চট্টগ্রাম জেলা সমন্বয়ক জিয়াউর রহমান। অন্যদিকে, সংগঠনের সিসিএস শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, প্রশাসনিক কাজের স্বার্থেই তারা বদলি স্থগিত রাখার জন্য সরঞ্জাম নিয়ন্ত্রককে অনুরোধ করেছিলেন। এ বিষয়ে পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার জানান, শ্রমিক দলের নেতারা দপ্তরে এসেছিলেন। তবে এই ইস্যুটি নিয়ে বদলি বা কোনো ধরনের চাপ প্রয়োগের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। SHARES জাতীয় বিষয়: চট্টগ্রামপাহাড়তলী সিসিএসবদলিরেল শ্রমিক দলরেলওয়ে