ক্যাম্পাসে না ফেরার শর্তে অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকা নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত হয়ে তাঁকে ভবন থেকে বের করে আনেন। ক্যাম্পাস ছাড়ার আগে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে একটি নির্দিষ্ট শর্ত বেঁধে দেন। প্রশাসনিক ভবনের সামনে এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দিয়ে জানান, উপাচার্য আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরে আসবেন না—এই শর্ত মেনেই তাঁকে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সে সময় পাশেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার অবস্থান করছিলেন। ঘোষণার পরপরই কঠোর পুলিশি নিরাপত্তায় উপাচার্যকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। সে সময় উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে ভুয়া স্লোগান দিতে থাকেন। এরপর অ্যাম্বুলেন্সে করেই তিনি চুয়েট ক্যাম্পাস ত্যাগ করেন। এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তিনি বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে এসেছিলেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় তাঁকে নিজ কার্যালয়েই অবরুদ্ধ করে রাখা হয়েছিল। SHARES ক্যাম্পাস বিষয়: উপাচার্যচট্টগ্রামচুয়েটচুয়েট ভিসিশিক্ষার্থী আন্দোলন