সেগুনবাগিচায় বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি আড়াল করছে পার্ক করা গাড়ি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতটি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুনভাবে সাজিয়েছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সীমানাপ্রাচীরে বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের প্রতিকৃতি আঁকা হয়েছে। পথচারীদের জন্য বসানো হয়েছে বেঞ্চ ও ডাস্টবিন। তবে এই নান্দনিক উদ্যোগের পাশেই সড়কের প্রায় পুরোটা দখল করে রাখা সারি সারি গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিকৃতিগুলো পথচারীদের চোখের আড়ালে চলে যাচ্ছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, ফুটপাতের পাশের সড়কে প্রায় ২০টি গাড়ি পার্ক করে রাখা হয়েছে। এর মধ্যে সরকারি স্টিকারযুক্ত গাড়ির পাশাপাশি প্রাইভেট কার, রিকশা ও ভ্যানগাড়িও রয়েছে। গাড়ির চালকদের ফুটপাতের বেঞ্চে ঘুমানো, মোবাইলে গেম খেলা কিংবা হকারদের কাছ থেকে পান কেনার দৃশ্যও চোখে পড়ে। সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগের পাশেই এমন অব্যবস্থাপনায় এর নান্দনিকতা ব্যাহত হচ্ছে।

দেয়ালের এই প্রতিকৃতিগুলোতে নতুন করে যুক্ত হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের ছবি, যা মঙ্গলবার আঁকা হয়েছিল। এর আগে এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ মোট ১০ জন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। তবে নতুন তালিকায় সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি আর নেই। গত ৫ অক্টোবর সোমবার ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এই সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছিলেন।

ফুটপাত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দায়িত্বে থাকা ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, 'আমরা আজই ব্যবস্থা নিচ্ছি। এভাবে পার্ক করতে দেওয়া হবে না। দায়িত্বটা ট্রাফিকের হলেও আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে এর সামনে পার্কিং বন্ধ করা যায়, সে বিষয়ে কথা বলব।'