ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার, শনাক্ত ৯ জন প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন কাঠের তৈরি টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এই ঘটনায় ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছরের শিশু ফায়িজান আহম্মেদ। এছাড়াও নিহতদের তালিকায় ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯) এবং জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম নামের আরও দুই পর্যটক রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। SHARES অপরাধ বিষয়: অগ্নিকাণ্ডইনানীকক্সবাজারগ্রেপ্তারটুপটুপ রিসোর্ট