সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি কনস্যুলেটের প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর সৌদি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনকে এখনো কিছু জানানো হয়নি। গণমাধ্যমে এই খবর আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। কনস্যুলেট থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর এসেছে, তাদের বিচার চলাকালীন বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে আগে জানানো হয়নি। এর আগে সৌদি গণমাধ্যম জানায়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। SHARES জাতীয় বিষয়: জেদ্দা কনস্যুলেটবাংলাদেশি প্রবাসীমক্কামৃত্যুদণ্ডসৌদি-আরব