আনোয়ারায় আর্ন প্রকল্পের সমন্বয় কমিটি গঠিত

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় ‘অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও কর্মক্ষম তরুণদের স্থিতিস্থাপকতা’ বা আর্ন প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন, সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্ত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক এবং আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও সামসেড বাংলাদেশের ব্যবস্থাপক পারিজাত চক্রবর্তী, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি তাবাবসুম জাহান, সাবিহা নাসরিন, মো. মোজাহেরুল আলম, বিটার উপজেলা ব্যবস্থাপক সুমন সেন এবং সাংবাদিক কাঞ্চন সুশীলসহ অন্যান্যরা অংশ নেন।

ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, সমন্বয় কমিটির সদস্যরা প্রকল্পের কার্যক্রমগুলো যথাযথভাবে যাচাই-বাছাই ও অনুমোদন দিলে এটি ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। সভা শেষে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের বিকল্প নেই।