রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে তার অটোরিকশা রাখার ঘর থেকে শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময় বাড়ির পাশের মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। সোহেলের চিৎকারে মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে অটোরিকশাটির পিছু নেন। তাদের আটক করতে না পেরে মসজিদের মাইকে চুরির বিষয়টি ঘোষণা দেওয়া হয়। মাইকিংয়ের পর স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে অটোরিকশাটির ধাওয়া করেন। প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিকশাটি রেখে রেজাউল ও সাদিকুল ধানক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। অটোরিকশা মালিক সোহেল জানান, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও তিনি অটোরিকশাটি দেখেছিলেন। পরে মেয়ের কান্নার সময় অটোরিকশার ঘরে শব্দ শুনতে পান। তার স্ত্রী চুরির বিষয়টি জানালে তিনি বারান্দা দিয়ে বেরিয়ে অটোরিকশাটি টেনে ধরার চেষ্টা করেন। এ সময় চোর তাকেসহ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি অটোরিকশা ছেড়ে চিৎকার করেন। এই ধস্তাধস্তির সময় মাটিতে পড়ে তার হাঁটুর চামড়া উঠে যায়। পরে তিনি জানতে পারেন, আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেলের ধারে গণপিটুনিতে চোরদের মৃত্যু হয়েছে। ওসি আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। SHARES অন্যান্য বিষয়: অটোরিকশা চুরিগঙ্গাচড়াগণপিটুনিনিহতরংপুর