থাইল্যান্ডে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রাজী মোহাম্মদ ফখরুল

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

শেখ পরিবারের ঘনিষ্ঠ পরিচয়ের আড়ালে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বারবার আলোচনায় আসা রাজী মোহাম্মদ ফখরুল এখনো তার বেপরোয়া আচরণ অব্যাহত রেখেছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অতীতে তার বিরুদ্ধে সংসদ ভবনে মারধর এবং পূজামণ্ডপে সরাসরি পিস্তল উঁচিয়ে গুলি করার মতো সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় পর্যায়ে রাজী মোহাম্মদ ফখরুলের কর্মকাণ্ড ছিল ত্রাসের রাজত্ব কায়েমের মতো। সংসদ-সদস্য থাকাকালীন তিনি চার শতাধিক সদস্যের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন। তার নির্দেশনায় নিজ বাড়িতে একটি গোপন টর্চার সেল তৈরি করা হয়েছিল, যেখানে তার মতের বিরুদ্ধে গেলেই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের তুলে এনে পৈশাচিক নির্যাতন চালানো হতো। এছাড়া ভয়ভীতি প্রদর্শন ও মারধর ছিল ওই এলাকার নিত্যদিনের ঘটনা।

নির্বাচনি এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং অবকাঠামোগত যাবতীয় উন্নয়নকাজ ছিল তার ক্যাডার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিযোগ, কোনো কাজই তার ক্যাডার বাহিনীর অনুমতি ছাড়া সম্পন্ন হতো না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার বাণিজ্যেও রাজী মোহাম্মদ ফখরুলের বড় ধরনের সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সিন্ডিকেট সদস্য হিসেবে তিনি মন্ত্রণালয়ের শত শত কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে যে, রাজী মোহাম্মদ ফখরুলের ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া কোনো ঠিকাদার টেন্ডার জমা দেওয়ার সাহস পেতেন না।