প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ : নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানটির আয়োজন করে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সব পরিকল্পনা একসাথে বাস্তবায়ন করা কঠিন হওয়ায় সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন এবং এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এই আইনের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয় করে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে নজর দেয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের পকেট থেকে চিকিৎসা খরচ মেটানোর কারণে তারা যে চরম দুর্ভোগে পড়েন, তা অত্যন্ত বেদনাদায়ক। নারীদের স্বাস্থ্যের বিষয়ে তিনি বলেন, গর্ভকালীন সময়ে মা ও নারীরা যেন বিব্রত বা হেয় প্রতিপন্ন না হন, তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের মাধ্যমে ব্রেস্ট ক্যানসার ও সার্ভিকাল ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য এআই মেশিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও চীনে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি খুব কম খরচে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে চালু করা হবে। সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES স্বাস্থ্য বিষয়: প্রাথমিক স্বাস্থ্যসেবাসরদার মো. সাখাওয়াত হোসেনস্বাস্থ্য মন্ত্রণালয়স্বাস্থ্য সুরক্ষা আইনস্বাস্থ্যসেবা