ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৩১

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩১ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে গত একদিনে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) চলতি বছর মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্ট মাসে সারা দেশে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ১৪৮ জনের প্রাণহানি হয়। অক্টোবরের ১৫ দিনে সারা দেশে ডেঙ্গুতে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।