চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম প্রকাশিত: 9:04 AM, July 28, 2026 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৭ জুলাই এই নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকৌশল সংস্থার ফেলো সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা ছিলেন এবং মা চেমন আরা বেগম। দীর্ঘ ২২ বছর ধরে চুয়েটে শিক্ষক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ড. সায়েম। তিনি এই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ২০০৫ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, 'বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়েছে, তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এসবের মূল্য কী? তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি, বিশ্বমঞ্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চেয়েছি।' তিনি আরও জানান, জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চান। উপাচার্য হিসেবে নতুন এই দায়িত্ব নিয়ে চুয়েটকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই যাত্রায় তিনি চুয়েট পরিবারের সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। SHARES জাতীয় বিষয়: উপাচার্যচট্টগ্রামচুয়েটনিয়োগশিক্ষা