নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

নতুন কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিদওয়ান মাযহারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, আজ তাদেরই কেউ কেউ বিভাজনের রাজনীতিতে লিপ্ত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সব ছাত্রসংগঠনের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ছাত্রদল ও ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সংঘাত পরিহার করে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বায়তুল মোকাররম ও পল্টনের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ আল গাজী, প্রশিক্ষণ সম্পাদক শামসুল আরেফিন, ভার্সিটি সম্পাদক তাকি মাহমুদ, নির্বাহী সদস্য সাইফ বিন জামালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা এতে অংশ নেন।