বিশ্বজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষা, দেখা যাবে যেসব দেশে প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে, তখনই এই মহাজাগতিক ঘটনার অবতারণা হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে পৃথিবীতে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। দুই বছর পর আবারও সেই রোমাঞ্চকর ক্ষণের সামনে দাঁড়িয়ে বিশ্ব। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়া সম্ভব। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এবং সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখনই সূর্যগ্রহণের সৃষ্টি হয়। নাসা জানিয়েছে, প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ বেশ বিরল। গড়ে প্রতি শতাব্দীতে ৬৬ বার বা দেড় বছর পরপর এমন ঘটনা ঘটে থাকে। এবার এই বিরল ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। বিশেষ করে ইউরোপের মূল ভূখণ্ডের বাসিন্দারা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখার সুযোগ পাবেন। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও এই দৃশ্য দেখা যাবে। নির্দিষ্ট কিছু স্থানে গ্রহণ চলাকালীন দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে এবং এর স্থায়িত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত, বিশেষ করে বৃষ্টির পূর্বাভাস তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইউরোপনাসাবিজ্ঞানমহাকাশসূর্যগ্রহণ